কুয়েত-বাহরাইনে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা 

সময়ের চিত্র ডেস্ক:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় কুয়েতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার দাবি উঠেছে। এর জবাবে হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির আকাশসীমায় শত্রুতামূলক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে কাজ শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, বিস্ফোরণের যেসব শব্দ শোনা গেছে, সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা ঠেকানোর সময় সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে হামলার উৎস, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি কুয়েত।

এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার খবর পাওয়া যায়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেশটির হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি জানান, কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের হামলা হলেও আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সহায়তা সংস্থাগুলো প্রস্তুত আছে। তবে একই দিন সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের খবর প্রকাশ করে ইরনা।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার জবাব হিসেবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এই অভিযান চালায়।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের পাঠানো ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম কিংবা কোনো সদস্যের ক্ষতি হয়নি।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডার ব্যবস্থায় নির্ভুল ড্রোন অভিযান চালানো হয়েছে।

এদিকে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দও শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে এটি বাহরাইনে তৃতীয় ইরানি ড্রোন হামলার ঘটনা। এদিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেশটির আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দণ্ডিতদের অধিকাংশই শিয়া ধর্মীয় নেতা।

হরমুজ প্রণালিতে ট্যাংকার ও মাইন আতঙ্ক

সামরিক উত্তেজনার পাশাপাশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, মঙ্গলবার প্রণালিটি অতিক্রমের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ নৌপথগুলো মাইনমুক্ত করার দাবি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বে জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালিতে চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ট্যাংকার চলাচলে নিরাপত্তা দিতে মার্কিন বাহিনী পাহারা দিচ্ছে।

নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, সোমবার ওমানের খাসাব উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ নামের একটি ট্যাংকার হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে জাহাজটির ২৫ জন ক্রু নিরাপদে আছেন বলে জানানো হয়েছিল। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। তবে পরবর্তী সময়ে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানায়, জাহাজটি দ্বিতীয়বার হামলার শিকার হয়েছে এবং ক্রুদের অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। ভারতের বন্দরমন্ত্রী পরে জানান, দ্বিতীয় হামলার পর নাবিকেরা জাহাজটি ত্যাগ করেছেন এবং একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন।

একই দিনে ওমান উপকূলে পানামার পতাকাবাহী ‘অন ফিনিক্স’ নামের আরেকটি তেলবাহী জাহাজও অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

কূটনৈতিক তৎপরতা ও সামরিক প্রস্তুতি

এদিকে সংঘাতের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে তৎপরতা চালাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা এবং চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে ওমানের সংবাদমাধ্যম জানিয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

এ ছাড়া বৃহস্পতিবার চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই আলোচনায় ইরান যুদ্ধও গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স, এএফপি ও ইরনা।

এই বিভাগের আরো খবর