সময়ের চিত্র ডেস্ক:
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের নেতারা।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। এতে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস মালিক সংগঠনের নেতারা অংশ নেন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।
এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, একই দাবিতে সাভারের আশুলিয়া এলাকাতেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শত শত পোশাকশ্রমিক। তাঁদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।