ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড, মৃত্যু ৭

সময়ের চিত্র ডেস্ক:

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যার হিসাবে এটি সর্বোচ্চ। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

 

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। অন্য তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৮৪ জন।

 

এক দিনে হাসপাতালে ভর্তির আগের রেকর্ড ভাঙল:

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এর আগে ১১ অক্টোবর এক দিনে ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া ১২ অক্টোবর ২ হাজার ১৬৭ জন, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন এবং ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

 

এক দিনে সর্বোচ্চ মৃত্যু ১০ জন:

 

চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল ৬ অক্টোবর ও ১৫ অক্টোবর। ওই দুই দিনই মৃত্যুর সংখ্যা ছিল ১০ জন করে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এই বিভাগের আরো খবর