চট্টগ্রাম বোর্ড ছাড়া বুধবার সব বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

সময়ের চিত্র ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষা স্থগিতের দাবির মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে বুধবার (১৬ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর শিক্ষা–বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, আবহাওয়া পরিস্থিতি এবং মাঠপর্যায়ের প্রশাসনের মতামত পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষা গ্রহণের উপযোগী পরিবেশ রয়েছে।

তিনি জানান, গত কয়েক দিন ধরে শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে। মঙ্গলবারও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সর্বসম্মত মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা থাকলেও সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। তবে অন্য সব বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের যাতায়াত বা আবহাওয়াজনিত সমস্যার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় সমন্বয়ের মতো সিদ্ধান্ত তারা নিতে পারবে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে পরবর্তী সময়ে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হবে।

মাহদী আমিন বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রস্তুতির মূল্যায়ন করে সময়মতো পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ত্রুটি পাওয়া যাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও পুরোনো ছবি–ভিডিও ছড়িয়ে গুজব না ছড়ানোর আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বৈরী আবহাওয়া এবং প্রশ্নপত্রের ত্রুটির প্রতিবাদে মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

এই বিভাগের আরো খবর