সময়ের চিত্র ডেস্ক:
দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছিল, আর বাকি তিনজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে ৯১ জন এবং সন্দেহভাজন হাম রোগে প্রাণ হারিয়েছে ৫১৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ৭৫ হাজার ৭০৮ জনে পৌঁছেছে।
এদিকে একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৬৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এতে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ৫৭ হাজার ১৪২ জন।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।