কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

সময়ের চিত্র ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ির ঘটনায় পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান এলাকার একটি দুর্গাপূজার মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সপ্তমীর সন্ধ্যায় উত্তর ও মধ্য কলকাতায় প্রবল বৃষ্টি শুরু হলে বিভিন্ন পূজামণ্ডপ ও সড়কে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। একই সময়ে সড়কে যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চোরবাগান সার্বজনীন পূজামণ্ডপে প্রবেশের চেষ্টা করেন লাইনে অপেক্ষমাণ অনেকে। এ সময় ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ও হুড়োহুড়ি শুরু হলে কয়েকজন মাটিতে পড়ে যান। এতে পদদলনের পরিস্থিতি তৈরি হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে প্রায় ৪০ থেকে ৫০ জনকে কলকাতার এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের জরুরি বিভাগের পর্যবেক্ষণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

কলকাতা পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের (চোরবাগান) পূজামণ্ডপের প্রবেশ-প্রস্থান এলাকায় বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় থেকে হুড়োহুড়ির সৃষ্টি হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

এ ঘটনায় হতাহতের সংখ্যা ও পরিস্থিতি নিয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

এই বিভাগের আরো খবর