রামিসা হত্যা মামলার রায় রোববার 

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসরুর সালেকীন মামলার শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। আদালত সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

এর আগে ট্রাইব্যুনালে টানা সাক্ষ্যগ্রহণে ১৬ জন সাক্ষী তাদের বক্তব্য প্রদান করেন। সাক্ষীদের মধ্যে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারও ছিলেন। তাদের সাক্ষ্যে ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক দিক উঠে আসে।

মামলার নথি অনুযায়ী, তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন এবং অন্যান্য ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্তে উঠে এসেছে, গত ১৯ মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে প্রতিবেশী স্বপ্না কৌশলে নিজের বাসায় নিয়ে যায়। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাসার সামনে তার একটি স্যান্ডেল দেখতে পান। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রামিসার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় স্বপ্নাকে আটক করা হয় এবং পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এ বহুল আলোচিত মামলার রায়ের দিকে এখন তাকিয়ে রয়েছে ভুক্তভোগী পরিবারসহ সাধারণ মানুষ।

এই বিভাগের আরো খবর