কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধ, ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ
প্রতিকার চেয়ে ঢাকা রেঞ্জ ডিআইজির কাছে আবেদন
স্টাফ রিপোর্টার:
দক্ষিণ কেরানীগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রেহেনা বেগম।
গত ৬ মে অভিযোগটি দায়ের করেন দক্ষিণ কেরানীগঞ্জের মৃত মো. নাসির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ছেলে সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। একপর্যায়ে তার শাশুড়ি তার স্বামী ও ছোট দেবরের নামে পৃথকভাবে কিছু জমি দলিল করে দেন।
রেহেনা বেগমের দাবি, তার ছোট দেবর পরবর্তীতে ওই সম্পত্তি স্থানীয় সন্ত্রাসী বাবলুদের কাছে বিক্রি করে দেন। এরপর থেকেই তাদের ওপর বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, দলিল নং-১৬৩২৫, সিএস ও এসএ দাগ নং-৫২০ এবং আরএস দাগ নং-৪৪৬ অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। সেখানে নারিকেল, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা রোপণ ও ভোগদখলে ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত আবুল হোসেন ওরফে বাবলু (৫৫), তার মা গোলবানুসহ অজ্ঞাত ৮-১০ জনকে নিয়ে ২০২৪ সালে তাদের জমিতে প্রবেশ করে প্রায় ৭ ফুট উচ্চতার দেয়াল নির্মাণ করেন। এতে তাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

রেহেনা বেগম বলেন, এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযুক্তরা বলেন, “এই জায়গায় আসলে ১০ লাখ টাকা দিতে হবে, তাহলেই দেয়াল সরানো হবে। অন্যথায় দেয়াল এভাবেই থাকবে।”
তার অভিযোগ, দেয়াল নির্মাণের কারণে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। এমনকি কোনো দুর্ঘটনা বা মৃত্যু ঘটলে লাশ বের করারও পথ থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।