সময়ের চিত্র ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারলে পুলিশের দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হবে।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত একটি নিরাপদ সমাজ প্রত্যাশা করছে।
প্রধানমন্ত্রী বলেন, এমন পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পেশাদার, দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ বাহিনী রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় অপরিহার্য।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তাই জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের শুভেচ্ছা জানান এবং দেশের বিভিন্ন সংকটে তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের দায়িত্বশীল ভূমিকা তাদের সক্ষমতার প্রমাণ বহন করে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক পরিসরেও সুনাম অর্জন করেছে। তবে বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি জরুরি।
তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা প্রয়োজন। বিশেষ করে মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।