সময়ের চিত্র ডেস্ক:
বগুড়া সফরে গিয়ে জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে একযোগে সাত জেলায় এ সেবার কার্যক্রম চালু করা হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখান থেকে তিনি হেঁটে আদালত প্রাঙ্গণে যান। উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।
নতুন এই ই-বেইল বন্ড সেবার মাধ্যমে আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা দ্রুত ও সরাসরি অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট কারাগারে পাঠানো যাবে। ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায় একই সঙ্গে এই কার্যক্রম চালু হয়েছে। বিচার ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দিনের দ্বিতীয় ভাগে গাবতলী উপজেলায় একাধিক উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সূচনা।
এছাড়া সফরসূচিতে রয়েছে তার পৈতৃক বাড়ি পরিদর্শন এবং বিকেলে শহরে ফিরে একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ। জেলা বিএনপির আয়োজিত ওই সমাবেশে বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপস্থিতি এবং ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো শহর।