সময়ের চিত্র ডেস্ক:
বুরুন্ডির একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন সেনাসদস্য রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১ এপ্রিল) দেশটির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মুসাগা এলাকায় অবস্থিত বুরুন্ডির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদ সংরক্ষণাগারে এ বিস্ফোরণ ঘটে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু সামরিক সরঞ্জামও পুড়ে গেছে।
ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে, কারণ সেখানে পানির সংকট ছিল বলে জানা গেছে।