সময়ের চিত্র ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একযোগে রদবদল ও নতুন পদায়ন করা হয়েছে। পদাতিক ডিভিশন, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গোয়েন্দা সংস্থা এবং আনসার ও ভিডিপির শীর্ষ নেতৃত্বে এ পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও সরকারি আদেশের মাধ্যমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।
আনসার ও ভিডিপির মহাপরিচালক পদে নতুন নিয়োগ
রদবদলের অংশ হিসেবে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি এ পদে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্যদিকে সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে সংযুক্ত করা হয়েছে।
পরবর্তী সময়ে মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
রাষ্ট্রদূতের দায়িত্বে যাচ্ছেন দুই মেজর জেনারেল
কূটনৈতিক দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁরা হলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ। তাঁদের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদাতিক ডিভিশনগুলোতেও নতুন নেতৃত্ব
সেনাবাহিনীর পদাতিক ডিভিশনগুলোর দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে মেজর জেনারেল সাজেদকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল রাজিকে ৫৫ পদাতিক ডিভিশনে পদায়ন করা হচ্ছে।
পদোন্নতি পেলেন তিন ব্রিগেডিয়ার জেনারেল
এবারের রদবদলে তিনজন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাঁদের নতুন দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ইমানি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) দায়িত্ব পালন শেষে ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে যোগ দেবেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেলও ডিজিএফআইয়ে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল রাজু পদোন্নতির পর ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) বা এসডিএস (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এসব নিয়োগ, বদলি ও পদোন্নতির মধ্য দিয়ে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে।