গোপালগঞ্জ ও ফেনীতে পুলিশ সুপার রদবদল

সময়ের চিত্র ডেস্ক:

গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। দুই জেলার বর্তমান পুলিশ সুপারকে পরস্পরের জেলায় বদলি করা হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, রোববার গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও বিক্ষোভের ঘটনা ঘটে। মিছিলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র বহনের পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালানো হয়। পরিস্থিতির কারণে আতঙ্কিত হয়ে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রাখেন।

 

ঘটনাস্থল ও শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের তৎপরতায় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

 

এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এই বিভাগের আরো খবর