আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সংকট নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার অল্প সময়ের মধ্যেই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বুধবার রাতের ওই ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে তার বক্তব্য শেষ হওয়ার পরপরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সামনে আসে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এদিকে, হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি সামরিক তৎপরতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত ও জটিল রূপ নিতে পারে।