মিরপুরে বিহারি ক্যাম্পে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মাসুম (৩০), তাঁর স্ত্রী সুমী (২৫) এবং তাঁদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।

পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবী থানাধীন বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনসংলগ্ন বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় ঘটনাটি ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রথমে দুই শিশুকে হত্যা করা হয় এবং পরবর্তীতে দম্পতি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

পুলিশ জানিয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই বিভাগের আরো খবর