বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, প্রভাব পড়তে পারে বাংলাদেশসহ কয়েকটি অঞ্চলে

সময়ের চিত্র অনলাইন ডেস্ক:

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকালে এ তথ্য জানায়। বিষয়টি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশও নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ তথ্যমতে, ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থান করছে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের পূর্ব দিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

 

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনও এটিকে গভীর নিম্নচাপ হিসেবে পর্যবেক্ষণ করছে।

 

বাংলাদেশে সরাসরি আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এর প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণ দেখা দিতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে।

এই বিভাগের আরো খবর