ডেসটিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে: রফিকুল আমীন
ব্যাংক হিসাব পরিচালনার অনুমতি পেলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস
সময়ের চিত্র রিপোর্ট:
ডেসটিনি গ্রুপ দীর্ঘদিন ধরে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন। তাঁর দাবি, কোনো ধরনের তথ্য যাচাই কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য না নিয়েই পত্রিকায় তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, একবার তিনি সংশ্লিষ্ট এক সাংবাদিককে প্রশ্ন করেছিলেন, ‘আপনি আমার কোনো সাক্ষাৎকার নিচ্ছেন না, কোনো তথ্যও যাচাই করছেন না। অথচ একের পর এক আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছেন কেন?’
জবাবে ওই সাংবাদিক তাঁকে জানান, তিনি ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে কোনো সংবাদ করছেন না। মামলার বাদী সংবাদ তৈরি করে দেন এবং ১০ হাজার টাকার একটি খামও দেন বলে ওই সাংবাদিক দাবি করেন।
রফিকুল আমীন বলেন, ‘আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার কি কোনো বিবেক নেই? তিনি বলেছিলেন, আমার কিছু করার নেই। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নির্দেশে এসব সংবাদ প্রকাশ করতে হচ্ছে। নির্দেশ পালন না করলে চাকরি থাকবে না।’
তিনি আরও বলেন, একটি পত্রিকায় তাঁর বিরুদ্ধে টানা ৪১২ দিন সংবাদ প্রকাশ করা হয়েছে। যেদিন অন্য কোনো সংবাদ থাকত না, সেদিন শিরোনাম করা হতো—‘ডেসটিনির বিনিয়োগকারীরা হতাশ, টাকা ফেরত পাবেন কবে?’ এভাবেই তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নিজের বিরুদ্ধে প্রকাশিত এসব সংবাদের বিষয়ে আদালতের কাছে বিচার চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আদালতের কাছে প্রশ্ন রেখেছিলাম, আমি কি এত বড় অপরাধী যে, আমার বিরুদ্ধে একটি পত্রিকায় ৪১২ দিন সংবাদ প্রকাশ করতে হবে? আজ আপনাদের কাছেও সেই বিচারের দাবি জানাচ্ছি।’
ডেসটিনির নিবন্ধন প্রদানকে কেন্দ্র করে এক সমবায় কর্মকর্তার কারাভোগ ও চাকরি হারানোর প্রসঙ্গও তুলে ধরেন রফিকুল আমীন। তিনি দাবি করেন, ডেসটিনিকে নিবন্ধন দেওয়ার কারণে সংশ্লিষ্ট ওই কর্মকর্তাকে কারাভোগ করতে হয়েছে এবং চাকরিও হারাতে হয়েছে। তবে সরকার পরিবর্তনের পর তিনি চাকরি ফিরে পেয়েছেন।
ডেসটিনির ব্যাংক হিসাব পরিচালনার অনুমতি পাওয়া গেলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। তাঁর ভাষ্য, ডেসটিনির ৪৫ লাখ পরিবেশকের প্রাণের দাবি হলো ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করা এবং বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত ডেসটিনি-২০০০ লিমিটেডের পিএসডি সম্মেলন-২০২৬-এ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ড. মোহাম্মদ রফিকুল আমীন।
দীর্ঘ ১৪ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ডেসটিনি-২০০০ পিএসডি ফোরাম। সম্মেলনে ডেসটিনির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন রফিকুল আমীন। এ সময় তিনি উপস্থিত পিএসডিদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং সেগুলোর উত্তর দেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।
ডেসটিনি-২০০০ পিএসডি ফোরামের নবনির্বাচিত সভাপতি পিএসডি মোহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান আহমাদ মুশফেক আনাম।
তিনি তাঁর বক্তব্যে ডেসটিনি-২০০০ লিমিটেডের বর্তমান অবস্থা, হাইকোর্টের নির্দেশনা, অডিট কার্যক্রম এবং কোম্পানিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের বোর্ড পরিচালক শামনুন এহসান শামীম ও হোসেন আজাদ, স্বপ্নশহর প্রপার্টিজ লিমিটেডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ডিএমসিএসএলের সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ডায়মন্ড এক্সিকিউটিভ এস এম কামরুজ্জামান, জেসমিন আক্তার মিলন, ওমর ফারুক রনি, আমিরুল ইসলাম বাবু, কে এম শফিউল্লাহ, ডিএমসিএসএলের সাধারণ সম্পাদক আজম আলী ও কোষাধ্যক্ষ মো. আবুল হাসান।
এ ছাড়া বক্তব্য দেন পিএসডি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আকতার হোসেন, সহসভাপতি ও খুলনা বিভাগের সমন্বয়ক আকমল উদ্দিন সাকি, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মিল্লাতুর রহমান চৌধুরী, গবেষণাবিষয়ক সম্পাদক ইসহারুল হক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন মাইনুল।
পিএসডি মোহাম্মদ আক্তার হোসাইন, নুরনাহার বেগম, উম্মে হাবিবা ও আরিফুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পিএসডি ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক শওকত আলী হাওলাদার। দ্বিতীয় অধিবেশনে তিলাওয়াত করেন হাফেজ ফয়জুল্লাহ।
সম্মেলনে ডেসটিনির শীর্ষ নেতৃবৃন্দ, বোর্ড সদস্য এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা পিএসডি ফোরামের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সদস্য অংশ নেন।
সম্মেলনে নেতৃবৃন্দ ডেসটিনির ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।