সাভার প্রতিনিধি:
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের প্রায় পুরো অংশ পুড়ে যায়।
বাসটিতে আগুন লাগার কারণ নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এটি নাশকতার ঘটনা হতে পারে। অন্যদিকে পুলিশের দাবি, গ্যাসচালিত বাসটি দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকায় তাপের কারণে আগুন লাগতে পারে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুর পৌনে ২টার দিকে বাসে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির অভ্যন্তরীণ অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসটিতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ফায়ার সার্ভিসের এই ধারণার সঙ্গে একমত নন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। তাঁর ভাষ্য, বাসটি গত দুই দিন ধরে ওই স্থানে পার্ক করা ছিল। এটি গ্যাসচালিত হওয়ায় তীব্র রোদের তাপে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
বাসটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বর্তমানে স্বাভাবিকভাবে আগুন লাগার ঘটনাকেও অনেক সময় নাশকতা হিসেবে দেখা হচ্ছে।