হরমুজ প্রণালিতে নির্দিষ্ট সময়েই জাহাজকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের ওপর ইরানের হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন সময়সূচি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়ের বাইরে জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা সহায়তা দেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদন অনুযায়ী, গত মে মাস থেকে হরমুজ প্রণালির দক্ষিণাংশে ওমানের উপকূলসংলগ্ন এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে আকাশপথে নিরাপত্তা সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাতের বেলায় হামলার ঘটনা ও আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় জাহাজ সুরক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শুরু থেকে জাহাজকে নিরাপত্তা দেওয়ার সময় আরও সীমিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ সমন্বয় কেন্দ্র থেকে সামুদ্রিক নিরাপত্তা উপদেষ্টাদের পাঠানো একটি ইমেইলে প্রতিদিন মাত্র দুটি নির্দিষ্ট সময়ে নিরাপত্তা সহায়তা দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

নতুন এই ব্যবস্থার ফলে তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপত্তা সহায়তার নির্ধারিত সময়ের সঙ্গে মিল রেখে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের পরিকল্পনা করতে হবে। মূল উদ্দেশ্য হলো, ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি কমিয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল যতটা সম্ভব নিরাপদ রাখা।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে নিরাপত্তা পরিস্থিতির যেকোনো পরিবর্তন আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাজারে প্রভাব ফেলতে পারে।

এই বিভাগের আরো খবর