সময়ের চিত্র ডেস্ক:
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় কারখানাটির কার্টন ও সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে বিপুল পরিমাণ খালি কার্টন ও অন্যান্য কাঁচামাল মজুদ থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় আগুনের শিখা ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বিবেচনায় আশপাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়।
তিনি জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।