সময়ের চিত্র ডেস্ক:
দেশের উন্নয়ন ও পুনর্গঠনে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে দেশের পরিবর্তন ও অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ওই সময়ে তরুণ সমাজ তাদের সক্ষমতা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রমাণ দিয়েছে। এবার একই শক্তিকে দেশ পুনর্গঠন ও জনকল্যাণমূলক কাজে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ সফলতা অর্জন সম্ভব না হলেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ জন্য নাগরিকদের প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার কাজে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; প্রতিটি পরিবার ও নাগরিককে এ কাজে সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমে ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
১২ সেপ্টেম্বর শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে।
অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। মহানগর পর্যায়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
অনুষ্ঠানে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বক্তব্য দেন।