নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর এলাকায় নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬) এবং শিবপুরের মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)। এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন স্বজনের সঙ্গে লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন নিখোঁজদের কয়েকজন। পরে তাঁরা বাড়ির অন্য সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান।
গোসলের একপর্যায়ে নদীর স্রোতে কয়েকজন পানির গভীরে চলে যান। তাঁদের মধ্যে কয়েকজন সাঁতার না জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাঁদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সৌরভও পানিতে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা নদীতে নেমে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। তবে ওইদিন কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতের কারণে অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, পাশের জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল সকালে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। পর্যায়ক্রমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে অভিযান চলছে।