স্টাফ রিপোর্টার:
ঢাকার কেরানীগঞ্জে একটি বাড়িতে ঢুকে নগদ টাকা, সৌদি রিয়াল ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বুলু বেগম (৫০) নামে এক নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারানগর ইউনিয়নের বাংলানগর এলাকায় বুলু বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় তার স্বামী-সন্তান বাড়িতে ছিলেন না বলে দাবি করেছেন তিনি।
বুলু বেগমের অভিযোগ, শরিফ (৩০), ইয়াসিন (২৪), মামুন (২৩), লতিফা (৩১) ও মাহফুজা (৩৫)সহ আরও কয়েকজন প্রথমে বাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করলে অভিযুক্তরা বাড়ির ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে দরজায় আঘাত করে ঘরে প্রবেশের পর অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করা হয় বলে দাবি করেন অভিযোগকারী। তার অভিযোগ, এ সময় ইয়াসিন তার পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বুলু বেগমের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে নগদ ৫ লাখ টাকা, ২০ হাজার সৌদি রিয়াল, চারটি স্বর্ণের চেইন ও লকেট এবং পাঁচটি স্বর্ণের আংটি নিয়ে যায়। অভিযোগে লুট হওয়া এসব অর্থ ও স্বর্ণালংকারের মোট আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা বিষয়টি কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে ওই নারী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন।
বুলু বেগম বলেন, বাড়ি ও আশপাশের এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। পাশাপাশি প্রতিবেশীরাও ঘটনার বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়েছে।