শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত এক চিকিৎসককে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

 

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। শিশুদের চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন চিকিৎসকের এমন আচরণে অসন্তোষ জানান সরকারপ্রধান।

 

পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দেন তিনি।

এই বিভাগের আরো খবর