কক্সবাজার রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৬ জনের

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা:

 

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান চালানো হয়।

 

কাঠ দিয়ে তৈরি রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

রিসোর্টের ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ না হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরো খবর