মোঃ নুরুল হক খান:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আবুপুর ও বরিশালের মুলাদী উপজেলার মৃধার হাটের মধ্যবর্তী জয়ন্তী নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীন। শনিবার (১৫ আগস্ট ২০২৬) উক্ত স্থান পরিদর্শন করেন তিনি।
সেতুটি নির্মাণ হলে শরীয়তপুর ও বরিশালের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি বরিশাল বিভাগের বিভিন্ন জেলার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, আবুপুর-মৃধার হাট সেতু বাস্তবায়ন হলে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও কুয়াকাটায় যাতায়াতের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে এ অঞ্চলে শিল্প-কারখানা গড়ে ওঠা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। এতে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতুটি।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতু নির্মাণ হলে শরীয়তপুর ও বরিশালের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ ও অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি হবে।
এর আগে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন।
এলাকাবাসী প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত উদ্যোগ নিয়ে আবুপুর-মৃধার হাট জয়ন্তী নদীর ওপর সেতুটি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।