দুর্নীতিমুক্ত ভূমিসেবার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

ভূমিসেবা খাতে দুর্নীতি ও হয়রানি কমাতে সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন-এ তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা প্রদান করা হলে মানুষের সময় ও ভোগান্তি কমবে এবং দুর্নীতি বা অনিয়মের সুযোগও সীমিত হবে।

এদিকে, সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা মেলার মূল উদ্দেশ্য হলো জনগণকে আধুনিক ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করা। তিনি উল্লেখ করেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা ছিল, যা পরিবর্তনে সরকার কাজ করছে।

এবারের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে,

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”

মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভূমিসেবা ও তথ্য প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমিসেবা গ্রহণের ধারণা দেওয়া, সরাসরি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগসহ স্বচ্ছ ও দক্ষ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রচেষ্টা।

জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে এই ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগের আরো খবর