বিশেষ শিক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও র‍্যালী

এমপিওভুক্ত ৭৫টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দাবি বাস্তবায়নের আহ্বান

স্টাফ রিপোর্টার: 

বিশেষ শিক্ষায় বৈষম্য দূরীকরণ এবং এমপিওভুক্ত ৭৫টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক – কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ মে) বেলা ১২টায় “এমপিওভুক্ত ৭৫টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দাবি বাস্তবায়ন পরিষদ”-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৭৫টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এসব শিক্ষার্থীর মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিক্ষার্থীরা রয়েছে। প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রশিক্ষণ, শিক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

বক্তারা অভিযোগ করেন, “প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯” অনুযায়ী সরকারি সকল সুবিধা পাওয়ার কথা থাকলেও শিক্ষক-কর্মচারীরা এখনো বঞ্চিত রয়েছেন। তারা ২০২৫ সালে সরকার ঘোষিত ১০%-১৫% বিশেষ সুবিধা, বর্ধিত উৎসব ভাতা, পেনশন সুবিধা, বাড়িভাড়া বৃদ্ধি এবং বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান।

 

এসময় বক্তারা বলেন, ২০২৫ সালে অর্থ মন্ত্রণালয় বিশেষ সুবিধা ৫% থেকে বৃদ্ধি করে ১০%-১৫% করার প্রজ্ঞাপন জারি করলেও আগস্ট ২০২৫ থেকে তা বন্ধ রয়েছে। একইভাবে উৎসব ভাতা ২৫% থেকে বৃদ্ধি করে ৫০% করার ঘোষণা দেওয়া হলেও শিক্ষক-কর্মচারীরা এখনো তার সুফল পাননি।

 

তারা আরও জানান, বর্তমানে শিক্ষক-কর্মচারীরা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া পাচ্ছেন, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে অত্যন্ত অপ্রতুল। অথচ সরকারি প্রজ্ঞাপনে বাড়িভাড়া মূল বেতনের ৭.৫% এবং পরবর্তীতে ১৫% প্রদানের কথা উল্লেখ রয়েছে।

 

মানববন্ধনে বক্তারা দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

 

এসময় শিক্ষক-কর্মচারীরা সরকারের কাছে অবিলম্বে

 

১০%-১৫% বিশেষ সুবিধা প্রদান,

 

বর্ধিত উৎসব ভাতা কার্যকর,

 

পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা চালু,

 

বিএসএড ডিগ্রিধারী শিক্ষকদের প্রাপ্য গ্রেড প্রদান,

 

এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবি জানান।

 

 

মানববন্ধনে বিভিন্ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর