কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে এলাকাবাসী

পিন্টু শেখ, কেরানীগঞ্জ থেকে:

ঢাকা জেলার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তায় তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আগানগর ব্রিজের নিচ থেকে কদমতলী চৌরাস্তা এবং জিনজিরা জনি টাওয়ার চৌরাস্তা থেকে কদমতলী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও পথচারীরা।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালকদের।

এ বিষয়ে ঢাকা জেলা ট্রাফিক বিভাগের টিআই শহিদুল ইসলাম বলেন, “আমি এখানে দায়িত্ব নেওয়ার পর উত্তর পাশে ব্যারিকেড দেওয়ায় যানজট পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল। পরে এলাকাবাসীর বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে গোলচক্করের উত্তর পাশ দিয়ে বাস চলাচল খুলে দেওয়া হয়েছে। এতে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

গণমাধ্যমকর্মীরা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায় নি।

সরেজমিনে দেখা যায়, কদমতলী চৌরাস্তায় এখনও তীব্র যানজট বিরাজ করছে।

পথচারীরা জানান, কদমতলী চৌরাস্তায় ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে। সড়ক পারাপারে ঝুঁকি ও সময় নষ্টের কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, কেরানীগঞ্জে হাজার হাজার মানুষের বসবাস। তাই কদমতলী চৌরাস্তায় দ্রুত একটি আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে।

এই বিভাগের আরো খবর