নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্যদের নাম প্রকাশ করে গেজেট জারি করে। রাজনৈতিক দল ও জোটভিত্তিক আসন বণ্টনের মাধ্যমে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেলেন। আসন বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের মিত্রদের পক্ষ থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এবার আলোচনায় ছিলেন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেত্রী নুসরাত তাবাসসুম। জামায়াত জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজনৈতিক অঙ্গনে তরুণ নেতৃত্বের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সদস্যদের অংশগ্রহণে সংসদে নারী প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং আইন প্রণয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তা ইতিবাচক প্রভাব ফেলবে।