ঢাকাসহ ৫ জেলায় ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সময়ের চিত্র ডেস্ক:

দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ অন্তত পাঁচ জেলায় হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হওয়ার সংখ্যাও বাড়ছে।

চিকিৎসকেরা বলছেন, শিশুদের জ্বর, সর্দি, কাশি এবং শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ঢাকায় ভর্তি ৭৫ রোগী :

রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৭৫ জন রোগী। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন ভর্তি হয়েছে। একই সময়ে সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় ৮ মাস বয়সী শিশুর মৃত্যু:

কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পতির ৮ মাস বয়সী সন্তান আফরান হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত আট দিন ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার ভোরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীতে হাসপাতালে নেওয়ার পরই মৃত্যু:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে শুক্রবার সকালে শিশু মাসুদাকে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে পাঠানো হলেও সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইল ও ময়মনসিংহেও প্রাণহানি:

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী শিশু সাফার মৃত্যু হয়েছে। একই সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বিভিন্ন জেলায় বাড়ছে রোগী:

এদিকে গোপালগঞ্জে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জেলাটিতে এখন পর্যন্ত ৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

নেত্রকোণায় ভর্তি রয়েছে ১৩ জন, আর লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ৩৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা:

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসা এবং অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর