সময়ের চিত্র ডেস্ক:
সোমবার (২৩ মার্চ) ভোরে ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
বার্তা সংস্থাগুলোর তথ্যমতে, বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশনকে লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের আবাসিক এলাকায় হামলার ঘটনায় কয়েকজন বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ইরানি সংবাদমাধ্যম মেহর জানিয়েছে, তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, রাজধানীর অন্তত পাঁচটি স্থানে হামলা হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানে ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে অভিযান শুরু করেছে।
পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না হলেও, অঞ্চলজুড়ে উদ্বেগ ও উত্তেজনা।