ইরান ইস্যুতে মার্কিন জনমত: ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ বলছেন দুই-তৃতীয়াংশ

সময়ের চিত্র ডেস্ক:

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ  এবং জরিপ সংস্থা ইউগভ-এর সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে উদ্বেগ ও বিরোধিতা বাড়ছে। জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ উত্তরদাতা এই সংঘাতকে “প্রয়োজনীয়” নয়, বরং “ইচ্ছাকৃত যুদ্ধ” হিসেবে দেখছেন। বিষয়টি জানিয়েছে সিএনএন।

সমীক্ষা অনুযায়ী, ৬০ শতাংশ আমেরিকান ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছেন— যা মাসের শুরুর তুলনায় বেশি। পাশাপাশি, ৬৮ শতাংশ মনে করেন,  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন এই সংঘাতের উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।

যুদ্ধের অগ্রগতি নিয়েও রয়েছে হতাশা। ৫৭ শতাংশের মতে, পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পক্ষে ভালো যাচ্ছে না, যদিও ৪৩ শতাংশ ভিন্নমত পোষণ করেছেন।

দলীয় ভিত্তিতে মতামতে বড় পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাটদের বিপুল অংশ এবং স্বতন্ত্র ভোটারদের বেশিরভাগই এটিকে “ইচ্ছাকৃত যুদ্ধ” বলছেন। অন্যদিকে, রিপাবলিকানদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ এই পদক্ষেপকে প্রয়োজনীয় মনে করলেও উল্লেখযোগ্য অংশ দ্বিমত পোষণ করেছেন।

তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত— ৯২ শতাংশ উত্তরদাতা দ্রুত এই সংঘাতের অবসান চান। এছাড়া, অধিকাংশই ইরানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং অন্যান্য দেশের প্রতি হুমকি কমানোর পক্ষে মত দিয়েছেন।

ইরানের নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে মতভেদ স্পষ্ট। প্রায় অর্ধেক উত্তরদাতা যুক্তরাষ্ট্রপন্থী নেতৃত্বের পক্ষে, বাকিরা তা প্রয়োজনীয় মনে করেন না। একইভাবে, বর্তমান নেতৃত্ব বহাল রেখে যুদ্ধ শেষ করা নিয়েও বিভক্ত মতামত রয়েছে।

১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত পরিচালিত এই অনলাইন জরিপে অংশ নেন ৩,৩৩৫ জন প্রাপ্তবয়স্ক। এতে সম্ভাব্য ত্রুটির সীমা ধরা হয়েছে ±২.১ শতাংশ

এই বিভাগের আরো খবর