চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় বেচু মাঝি (৭০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় তার দুই ছেলে শাহিন ও শাকিল প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে নিয়ে আসেন।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার চরকুকরী-মুকরী ইউনিয়নের চরপাতিলা পূর্বপাশে মেঘনা নদী ও সাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেচু মাঝি দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দুই ছেলেকে সঙ্গে নিয়ে মাছ ধরতে সাগরে যান বেচু মাঝি। শুক্রবার সন্ধ্যায় ফেরার পথে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে তাদের নৌকাটি ডুবে যায়।
নৌকা ডুবে গেলে তিনজনই সাঁতরে বাঁচার চেষ্টা করেন। দুই ছেলে বৃদ্ধ বাবাকে ধরে রেখে তীরে ফেরার প্রাণপণ চেষ্টা চালালেও একপর্যায়ে ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে বেচু মাঝি নিস্তেজ হয়ে পড়েন। এরপরও বাবাকে হাতছাড়া না করে প্রায় দুই ঘণ্টা পানিতে ভেসে থাকেন তারা। পরে আশপাশে থাকা অন্য জেলেরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং বাবার মরদেহ তীরে তুলতে সহায়তা করে।
শনিবার (২১ মার্চ) সকালে পারিবারিক কবরস্থানে বেচু মাঝির দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, দরিদ্র এই পরিবারটি মাছ ধরেই জীবিকা নির্বাহ করত। ঈদকে সামনে রেখে কিছু বাড়তি আয়ের আশায় সাগরে গিয়েছিলেন তারা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠেছে তাদের জীবনের সবচেয়ে বড় শোকের কারণ।