সময়ের চিত্র ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের সকাল, নামাজ ও মোনাজাতের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম প্রধান এই উৎসব। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে মুসল্লিরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন।
শনিবার ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদ প্রাঙ্গণে। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই পুরো মসজিদ পূর্ণ হয়ে যায়। এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে মোনাজাতে রমজানের সিয়াম সাধনা কবুল হওয়ার জন্য দোয়া করা হয় এবং মৃত স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়।
মোনাজাতের সময় অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে চোখের জলে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও মানবকল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
প্রথম জামাত শেষে দ্বিতীয় জামাতে অংশ নিতে বিপুলসংখ্যক মুসল্লি অপেক্ষা করতে থাকেন। পরে পর্যায়ক্রমে আরও কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।