সুদানের দারফুরে হাসপাতালে হামলা, নিহত ৬৪

১৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানের দারফুর অঞ্চলে একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।

জানা গেছে, পূর্ব দারফুরের রাজধানী

আল দাইনে অবস্থিত ‘আল দাইন টিচিং হাসপাতালে’এ

শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে চিকিৎসাধীন রোগী ছাড়াও দুইজন নারী নার্স ও একজন চিকিৎসক রয়েছেন।

হামলার ফলে হাসপাতালের জরুরি, শিশু ও প্রসূতি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। চলমান সংঘাতের মধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বারবার হামলার শিকার হওয়ায় পরিস্থিতি ক্রমেই মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের এর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে দেশটি ভয়াবহ সংকটে রয়েছে। দীর্ঘ এই সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত এবং ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

যদিও এই নির্দিষ্ট হামলার দায় এখনো নিশ্চিতভাবে কেউ স্বীকার করেনি, তবে সংঘাতে জড়িত উভয় পক্ষের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক মহল দ্রুত সহিংসতা বন্ধ ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরো খবর