সময়ের চিত্র ডেস্ক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।
এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়।
এদিকে শোভাযাত্রায় যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলীয় নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের সড়ক।
রাজধানীর পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শোভাযাত্রার আয়োজন করে বিএনপি।