সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান জামাতে আরও অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা। নামাজ শেষে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন সবাই।
জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে জামাতের জন্য নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। মুসল্লিদের সুবিধার্থে রাখা হয় অযুখানা, মেডিকেল টিমসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা।
নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের স্থান নির্ধারণ করা হয়। এছাড়া ভিআইপি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়। প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ছিলেন নারী ।