সময়ের চিত্র ডেস্ক:
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আজ শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজধানীর প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি নজরদারি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াডসহ বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন রয়েছে। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে ব্যারিকেড।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি এবং বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নারীদের জন্য আলাদা নামাজের স্থান, প্রবেশপথ ও ওজুর সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এদিকে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি।
এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।