জাকির হোসেন, পিরোজপুর :
পিরোজপুরের সিও অফিস চত্বরে আজ মঙ্গলবার সকাল ১১টায় পুরাতন সার ডিলাররা মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন। কর্মসূচিতে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ নিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সার ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সরকার নতুন সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন জারি করলেও পুরাতন ডিলারদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এতে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।”
তারা আরও বলেন, ২০২৫ সালের নতুন অধ্যাদেশ অনুযায়ী সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের খবর ছড়িয়ে পড়েছে। এর ফলে সারাদেশে প্রায় ৪৪ হাজার সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা অস্তিত্ব সংকটে পড়েছেন।
কৃষক নেতা মাহাতাব বলেন, “বিগত সরকারের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বৈষম্যের শিকার হয়েছি। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা। অথচ আমাদের কর্মহীন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে।”
বক্তারা জানান, তারা ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে দোকান ভাড়া, কর্মচারীর বেতন ও সংসারের খরচ এই ব্যবসার আয়ের ওপর নির্ভর করে চালিয়ে আসছেন। পুরাতন ডিলারদের বাদ দেওয়া হলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন এবং রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে দাবি করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা পুরাতন সার ডিলারদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।