মুক্তিযুদ্ধের গুরুত্ব অনন্য, অন্য আন্দোলনের সঙ্গে তুলনা নয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সময়ের চিত্র ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মহান মুক্তিযুদ্ধের অবস্থান স্বতন্ত্র ও অপরিসীম। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধকে অন্যান্য আন্দোলন বা সংগ্রামের সঙ্গে এক কাতারে দেখা উচিত নয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের নানা ব্যাখ্যা ও ব্যবহারের কারণে তরুণ প্রজন্মের একটি অংশ সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও সংগ্রামের বাস্তব চিত্র অনেকের কাছেই অজানা থেকে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি হিসেবে মুক্তিযুদ্ধের গুরুত্ব সবসময় স্মরণে রাখা প্রয়োজন।

সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই, তথ্য হালনাগাদ এবং মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস সংরক্ষণ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর