মালয়েশিয়া সফর শেষে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়ের চিত্র ডেস্ক:

দুই দিনের মালয়েশিয়ার সরকারি সফর শেষ করে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) রাতে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ায় নির্ধারিত বিভিন্ন দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষ করে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হন তিনি। পরে বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তার চীনে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়।

এর আগে রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

 

এই বিভাগের আরো খবর