সময়ের চিত্র ডেস্ক:
বিশ্বকাপে প্রথম ম্যাচে গোল না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচেই জবাব দিলেন মাঠে, জোড়া গোল করে দলকে বড় জয়ে নেতৃত্ব দেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে উজবেকিস্তানকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। মাত্র ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন। একই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে গোল করা খেলোয়াড়দের তালিকায়ও নিজের অবস্থান আরও মজবুত করেন তিনি।
এরপর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। নুনো মেন্ডেসের নিখুঁত ফ্রি-কিকে বল জালে জড়ায়, ফলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
প্রথমার্ধের শেষ দিকে আবারও আলো ছড়ান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এতে প্রথমার্ধেই ৩–০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে আসে আরও একটি গোল। কর্নার থেকে আসা বল বক্সে তৈরি হওয়া জটলার মধ্যে ডিফেন্ডারের গায়ে লেগে জালে প্রবেশ করে, যা আত্মঘাতী গোল হিসেবে ধরা হয়। এতে ব্যবধান দাঁড়ায় ৪–০।
শেষ দিকে ৮৭ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান রাফায়েল লেও। তার নেওয়া ডান পায়ের শট প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো সুযোগই রাখেনি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৫–০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।