চরফ্যাশন প্রতিনিধি:
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে ভোলার চরফ্যাশনে চলচ্চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এতে নারী-পুরুষ মিলিয়ে শতাধিক ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ভোলা জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবীর সঞ্চালনায় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক ডা. শামিম রহমান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন এবং চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।
কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত ভোটারদের জন্য তথ্যভিত্তিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রে ভোটের গুরুত্ব, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা, ভোট প্রদানের নিয়মাবলি এবং একজন ভোটারের নাগরিক দায়িত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়। পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীদের সঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ করে নারী ভোটার ও নতুন ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং ভয়ভীতিহীন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ভোলা জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সফল করতে জেলা তথ্য অফিস পর্যায়ক্রমে ভোলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে।”