সময়ের চিত্র ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
আদালত একই সঙ্গে একটি রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা অনুসরণ না করে আগামী শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না।
রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে গত ১১ নভেম্বর। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।
এবার ভর্তির ন্যূনতম যোগ্যতার শর্ত অপরিবর্তিত রাখা হলেও কয়েকটি অনুষদ ও ইনস্টিটিউটের নির্দিষ্ট বিভাগের ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেডের শর্ত কমানো।
অন্যদিকে, বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনের ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। চারুকলা ইউনিটে ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আইবিএ ইনস্টিটিউটের আবেদন ফি আগের মতোই ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছে।