কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা—বাস উল্টে আগুন, নিহত ৪

সময়ের চিত্র ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বাণিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর মুহূর্তের মধ্যেই বাসে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধারকাজ চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে। তিনজনের মরদেহ বাসের ভেতর থেকে এবং একজনের মরদেহ বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, সংঘর্ষের পর বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার পর হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ররশাদ হোসেন বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে কাজ করেছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর