‘বিপজ্জনক নজির’ স্থাপনের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে একটি ‘বিপজ্জনক নজির’ হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, ভেনেজুয়েলার চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার পরিস্থিতি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়—এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পর্যাপ্ত শ্রদ্ধাবোধ না থাকায় মহাসচিব উদ্বিগ্ন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে সংকট নিরসনে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তিমূলক সংলাপের পথ বেছে নেওয়ার ওপর জোর দেন গুতেরেস।

এদিকে পৃথক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফলকার তুর্ক বলেন, ভেনেজুয়েলার সাধারণ জনগণের নিরাপত্তাই হওয়া উচিত ভবিষ্যৎ সব সিদ্ধান্তের মূল ভিত্তি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সূত্রে জানা গেছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আগামী সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধি দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী। পরে তাদের নিউইয়র্ক সিটিতে নিয়ে গিয়ে ফেডারেল হেফাজতে রাখা হয়।

এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অভিযানের অনুমোদন তিনি চার দিন আগেই দিয়েছিলেন।

সূত্র: ইউএন নিউজ

এই বিভাগের আরো খবর