নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে মারধরের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নাঈম কিবরিয়া রাতে একটি প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের বাবা বাদী হয়ে ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এখনো কাউকে নির্দিষ্ট করে আসামি করা হয়নি। ঘটনার পরপরই পুলিশ সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রযুক্তিগত ও তথ্যভিত্তিক উপায়ে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তার করা গেলে নিশ্চিত হওয়া যাবে, এটি তাৎক্ষণিক বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।