জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। এর আগে আজ সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও শোকজনিত কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা আহ্বান করে।
নির্ধারিত তফশিল অনুযায়ী আজই ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে সকালে খালেদা জিয়ার মৃত্যুসংবাদ পাওয়ার পর সিন্ডিকেট বৈঠকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘোষণার পরপরই বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা উপাচার্য ভবনের ফটকের সামনে অবস্থান নেন।
এ সময় বামজোট সমর্থিত ‘মৌলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন স্থগিত করা গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ না করে ক্যাম্পাস ত্যাগ করবেন না।
এদিকে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, জকসু নির্বাচন একটি শিক্ষার্থী-সংক্রান্ত বিষয়, এটি রাজনৈতিক ইস্যু নয়। তার মতে, ভোটার ও প্রার্থীরা উপস্থিত থাকার পর নির্বাচন স্থগিত হলে ভবিষ্যতে তা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা নির্বাচন পুনরায় শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।