বান্দরবনে বিদ্যুৎস্পৃষ্ট নিহত দুই শ্রমিকের লাশ ভোলায় গ্রামের বাড়িতে দাফন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি ॥

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই শ্রমিকের লাশ দাফন করা হয়েছে। শুক্রবার বিকালে নিহতদের নিজ নিজ বাড়িতে লাশ দাফন করা হয়। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দুই গ্রামে নেমে আসে শোকের ছায়া। গত বৃহস্পতিবার ( ১১ জুন) বেলা পৌনে ১১টার দিকে নির্মাণাধীন হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ওই দুর্ঘটনা হয়।

নিহতদের একজন হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল আলী হাওলাদার বাড়ির হজরত আলীর ছেলে মো. সাকিব (২২)। অপর জন হলেন একই উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী মাতব্বরের ছেলে মোহাম্মদ কামরুল হাসান (৩৫)।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে বান্দরবন জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় সাকিব ও কামরুল বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। কামরুল ও সাকিব মাচার ওপর দাঁড়িয়ে ভবনের পলেস্তারার কাজ করছিলেন। এ সময় অ্যালুমিনিয়ামের একটি পাত্রে পলেস্তারার উপকরণ ওপরে তোলা হচ্ছিল। একপর্যায়ে পাত্রটি বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

বান্দরবানের সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী সাংবাদিকদের জানান, দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁদের মৃত্যুর ঘটনাটি কাছ থেকে দেখে সহকর্মী মঈন উদ্দিন সংজ্ঞা হারান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায় জানান, শ্রমিকদের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।

এই বিভাগের আরো খবর